শুক্রবার , ০৫ জুন ২০২৬
শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমজাতীয়অর্থসংকটে স্থবির জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বেতন পাচ্ছেন না কর্মীরা

অর্থসংকটে স্থবির জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বেতন পাচ্ছেন না কর্মীরা

favicon
সাইফুল আলম মিরাজ
অর্থসংকটে স্থবির জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বেতন পাচ্ছেন না কর্মীরা

অর্থসংকটে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। গত দুই মাস ধরে প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন না বলে জানা গেছে।

ফলে কর্মীদের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এশিয়া পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সূত্র জানায়, ফাউন্ডেশনটির প্রতি মাসে মোট ব্যয় প্রায় ১৬ লাখ টাকা, যার মধ্যে বেতন বাবদই ব্যয় হয় প্রায় ১২ লাখ টাকা। সরকারি তহবিল থেকে সর্বশেষ ফেব্রুয়ারির বেতন মার্চ মাসে পরিশোধ করা হয়।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এপ্রিল মাসের বেতন বাবদ ফাউন্ডেশনের সিইও কামাল আকবর ব্যক্তিগত তহবিল থেকে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ধার হিসেবে প্রদান করেন। তবে মার্চ ও মে মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তার লক্ষ্যে এই ফাউন্ডেশন গঠন করা হয়।

ওই বছরের ১২ সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনকে ১০০ কোটি টাকার প্রাথমিক অনুদান দেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংক ও সাধারণ অনুদান মিলিয়ে মোট তহবিল দাঁড়ায় প্রায় ১১৯ কোটি টাকা।

প্রথম পর্যায়ে এক হাজারের বেশি আহত ও শহীদ পরিবারের মধ্যে অনুদান বিতরণ করা হয়। গুরুতর আহতদের চিকিৎসা, অস্ত্রোপচার এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্যও বড় অঙ্কের অর্থ ব্যয় হয়।

তবে পরবর্তীতে নতুন বড় কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুদান না আসায় তহবিলে ঘাটতি দেখা দেয়। চলতি বছরের শুরু থেকে অর্থ সংকট তীব্র আকার ধারণ করে এবং বর্তমানে ফাউন্ডেশনের ব্যাংক হিসাব প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছেছে।