সুন্দরবনে অস্ত্র ও শিকারের সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ড বেইস মোংলায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ।
আটক আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানের সময় আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়।
তার কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল এবং একটি কাঠের বোট উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সুন্দরবনে দস্যুতা, অবৈধ শিকার ও বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।