শুক্রবার , ০৫ জুন ২০২৬
শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমসারা দেশবৃষ্টি বাড়ার আভাস, কিছু এলাকায় কমতে পারে তাপপ্রবাহ

বৃষ্টি বাড়ার আভাস, কিছু এলাকায় কমতে পারে তাপপ্রবাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
বৃষ্টি বাড়ার আভাস, কিছু এলাকায় কমতে পারে তাপপ্রবাহ

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী কয়েক দিনে কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এসব এলাকার কিছু স্থানে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও সারা দেশে মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।