জ্বালানি খাতে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিল সংযুক্ত আরব আমিরাত
জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম নির্ভরযোগ্য উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও আকস্মিক ধাক্কা মোকাবিলায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
এ সময় এলএনজি বাণিজ্যের সম্প্রসারণ, স্পট মার্কেটের অস্থিরতা কমানো, বিদ্যুৎ ও জ্বালানি গ্রিডের আধুনিকায়ন, কার্বন নিঃসরণ হ্রাস, স্বয়ংক্রিয় সাব-স্টেশন স্থাপন এবং সমুদ্রবন্দরের কাছাকাছি জ্বালানি বাঙ্কারিং সুবিধা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার অর্থনৈতিক ও জ্বালানি খাতের সম্পর্ক আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।