শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমজাতীয়জাতিসংঘের মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

জাতিসংঘের মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

favicon
মাহামুদুল হাসান
জাতিসংঘের মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ।


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষ থেকে পদকগুলো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন।


২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় তারা নিহত হন।


সম্মাননাপ্রাপ্ত ছয় শান্তিরক্ষী হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মণ্ডল।


অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে নিহত প্রায় চার হাজার ৫০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তিনি বর্তমানে বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষীর অবদানের কথাও উল্লেখ করেন।


চলতি বছর ৩৩টি দেশের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর এই পদকে সম্মানিত করা হয়।


ড্যাগ হ্যামারশোল্ড পদক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত সদস্যদের সাহস, দায়িত্ব ও আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে।