নোয়াখালীতে ব্যবসায়ী হত্যাকাণ্ডে কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার
নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী কামাল হোসেন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং নেতা মো. রনি (২৪) কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে র্যাবের একটি যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামি এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির পেছনে কিছু কিশোর গ্যাং সদস্য জুয়া খেলছিল। এ সময় ফরহাদ নামে এক যুবক তাদের স্থান ত্যাগ করতে বললে তারা ক্ষুব্ধ হয়।
পরে ওই রাতেই তারা দলবদ্ধ হয়ে ফরহাদের ওপর হামলা চালায়। ফরহাদকে বাঁচাতে এগিয়ে গেলে তার চাচা ব্যবসায়ী কামাল হোসেন হামলার শিকার হন। এলোপাতাড়ি মারধরের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহত কামাল হোসেনের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।