অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় প্রাণ গেল এক জেলের, তিন সপ্তাহে তৃতীয় মৃত্যু
অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের উপকূলে হাঙরের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, গত তিন সপ্তাহে এটি হাঙরের আক্রমণে তৃতীয় প্রাণহানির ঘটনা।
নিহত ৩৫ বছর বয়সী ব্যক্তি শনিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সমুদ্রে বর্শা দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় মাইকেলমাস দ্বীপের কাছে একটি হাঙর তার ওপর হামলা চালায়।
হামলার পর দ্রুত তাকে তীরে নিয়ে আসা হয় এবং জরুরি চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় প্রায় সাড়ে চার মিটার লম্বা একটি হাঙর দেখা গেছে। তবে সেটি কোন প্রজাতির ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২৪ মে গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় মাছ ধরার সময় হাঙরের হামলায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এছাড়া তার প্রায় ১০ দিন আগে পার্থের কাছাকাছি একটি দ্বীপের কাছে আরেক হাঙর হামলায় ৩৮ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছিল।
সংরক্ষণবাদী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রতিবছর গড়ে প্রায় ২০টি হাঙর হামলার ঘটনা ঘটে। তবে অধিকাংশ ক্ষেত্রে আক্রান্তরা প্রাণে বেঁচে যান। বিশেষজ্ঞদের মতে, দেশটিতে হাঙরের হামলার তুলনায় ডুবে মৃত্যুর ঘটনা অনেক বেশি ঘটে।