শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমসারা দেশসীমান্তে পুশইনের একাধিক চেষ্টা প্রতিহত, শতাধিক ব্যক্তিকে ফেরত নিল বিএসএফ

সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা প্রতিহত, শতাধিক ব্যক্তিকে ফেরত নিল বিএসএফ

favicon
ভোরের আলো ডেস্ক:

বাংলাদেশ সীমান্তে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও স্থানীয় জনগণের সহযোগিতায় বিভিন্ন সীমান্ত এলাকায় এসব চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় একশ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

মেহেরপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরের হিলি, লালমনিরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথকভাবে এমন ঘটনা ঘটে। কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করেন।

ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে ১১ জনকে এবং হিলির ঘাসুড়িয়া সীমান্তে ৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তা প্রতিরোধ করে। একইভাবে মেহেরপুরের তেঁতুলবাড়ি সীমান্তেও পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

লালমনিরহাটের চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবির নজরদারির কারণে তাদেরও ফিরিয়ে নেওয়া হয়।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে সীমান্তে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে পঞ্চগড় সীমান্তে কয়েকজন ব্যক্তি এখনো দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে।

অন্যদিকে বান্দরবানের সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করে পরে ফেরত পাঠিয়েছে বিজিবি।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।