ইরানের ড্রোন ও স্থাপনার অবস্থান জানা আছে: ট্রাম্প
ইরানের ড্রোন ও তাদের উৎপাদন স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ড্রোন কারখানাগুলো কোথায় অবস্থিত, তা যুক্তরাষ্ট্রের জানা আছে এবং এসব স্থাপনার অনেক অংশ ইতিমধ্যে অকার্যকর করা হয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থার বড় অংশ ধ্বংস করা হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে।
তবে বর্তমানে ইরানের হাতে ঠিক কত ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান। তিনি ইঙ্গিত দেন, এখনো কিছু অস্ত্র থাকলেও তা মোট সক্ষমতার একটি ছোট অংশ।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে, তবে চূড়ান্ত সমঝোতা হতে সময় লাগতে পারে। তার মতে, ইরানের রাজনৈতিক নেতৃত্ব গর্বের কারণে সিদ্ধান্ত নিতে দেরি করছে।
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক চাপের কারণে ইরানের অবস্থান দুর্বল হয়েছে, যা ভবিষ্যৎ আলোচনায় প্রভাব ফেলতে পারে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য সমঝোতার বিষয়ে আশাবাদী অবস্থান রয়েছে।