মেট্রোরেলের রাতের চলাচলের সময় বাড়ছে, রবিবার থেকে নতুন সূচি
ঢাকা মেট্রোরেলের রাতের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী রবিবার (৭ জুন) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী উভয় প্রান্ত থেকে রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে।
নতুন সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, যা আগে ছিল রাত ১০টা ১০ মিনিট। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যেখানে আগে শেষ ট্রেন ছেড়ে যেত রাত ৯টা ৩০ মিনিটে।
কর্তৃপক্ষ জানায়, রাতের বর্ধিত সময়সূচি চালুর আগে প্রায় এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত সময়ে একটি করে ট্রিপ পরিচালনা করা হবে, অর্থাৎ উভয় দিক থেকে একটি করে ট্রেন চলাচল করবে।
এতে দুই ট্রেনের মধ্যে ব্যবধান প্রায় ১০ মিনিট থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতের সময়সূচি বাড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন সময় অনুযায়ী পরিষেবা চালু করা হবে।