শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমসারা দেশআগামী ৫ দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আগামী ৫ দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

favicon
ভোরের আলো ডেস্ক:
আগামী ৫ দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের মধ্যাঞ্চলে পৌঁছানোর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

রোববারও দেশের বেশিরভাগ অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

সোমবার ও মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।