আজ বিসিবি নির্বাচন, ভোট হবে ১৫ পরিচালক পদে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনের পর নবনির্বাচিত পরিচালকদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে না বলে জানা গেছে।
বিসিবির ২৩টি পরিচালক পদের মধ্যে ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ ভোট অনুষ্ঠিত হবে বাকি ১৫টি পদে। এর মধ্যে ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং ঢাকা বিভাগের এস এম আবদুল্লাহ আল ফুয়াদসহ কয়েকজন ইতোমধ্যে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মোট ১৯২ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোটদানে আগ্রহ প্রকাশ করেছেন। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে সীমিত সংখ্যক ভোটার ভোট দেওয়ার সুযোগ পেলেও ঢাকার ক্লাব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে ঘিরে বড় কোনো চমকের সম্ভাবনা কম মনে করা হলেও কয়েকটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বরিশাল বিভাগের পরিচালক পদ এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির কয়েকটি আসন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে।
এবারের নির্বাচনে ৪১ জন ভোটার অনলাইনের মাধ্যমে ভোট দেবেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির তিনজন এবং ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।
নির্বাচন উপলক্ষে আজ বিসিবি কার্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যা বোর্ডের নির্বাচন ইতিহাসে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।