রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও স্বপ্নাকে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার সকালে কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করার কথা রয়েছে।
মাত্র ১৯ দিনের মধ্যে মামলাটি বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপে পৌঁছেছে, যা দেশের বিচারিক ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্ত শেষ করে দ্রুত অভিযোগপত্র দাখিল, সাক্ষ্যগ্রহণ, জেরা, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পর আদালত আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর শিশুটির বাবা মামলা দায়ের করলে পুলিশ স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়।
বিচার চলাকালে সোহেল রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। অন্যদিকে স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেন।
দেশজুড়ে আলোড়ন তোলা এই মামলার রায়ের দিকে এখন তাকিয়ে আছে পুরো দেশ। নিহত শিশুর পরিবারসহ সাধারণ মানুষের প্রত্যাশা, আদালতের রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।