রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায়ে সন্তোষ আইনমন্ত্রীর, উচ্চ আদালতেও দ্রুত নিষ্পত্তির আশা
রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনের সব ধাপ অনুসরণ করে মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রম ঘটনা।
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঘোষিত রায়ে তিনি আপাতত সন্তুষ্ট এবং আশা করেন, উচ্চ আদালতে আপিল হলেও এই রায় বহাল থাকবে।
আইনমন্ত্রী আরও জানান, রামিসার হত্যা মামলাটি অত্যন্ত দুঃখজনক ও জাতিকে গভীরভাবে নাড়া দেওয়ার মতো ঘটনা। প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে পাঠানো হবে। এরপর পেপারবুক প্রস্তুত করে মামলাটি দ্রুত শুনানির জন্য উপস্থাপন করা হবে।