জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতির নির্দেশনা সব সরকারি প্রতিষ্ঠানে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গত ৩ মে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ কর্মসূচিতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে।
এছাড়া কার্যবিবরণী বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছেও নির্দেশনা পাঠানো হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।