সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমজাতীয়জাতীয় সংসদে ১৬ সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ

জাতীয় সংসদে ১৬ সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ

favicon
মাহামুদুল হাসান
জাতীয় সংসদে ১৬ সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোকপ্রস্তাব উত্থাপন করেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে নিহত শিশু রামিসাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে প্রাণ হারানো শিশুদের স্মরণেও সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়।

শোকপ্রস্তাবে যাদের স্মরণ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি, বিএনপি এবং বিভিন্ন সময় দায়িত্ব পালন করা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা।

তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, জি এম ফজলুল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, দেওয়ান শামসুল আবেদীন, গোলাম সারোয়ার মিলন মোসলেম উদ্দিন, মিজানুর রহমান সিনহা, মো. দবিরুল ইসলাম, তোফায়েল আহমেদ, মো. আব্দুল মতিন এবং এ কে এম রহমত উল্লাহসহ মোট ১৬ জন সাবেক সংসদ সদস্য।

শোকপ্রস্তাব গ্রহণের মাধ্যমে সংসদ সদস্যরা প্রয়াতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।