মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমজাতীয়অর্থপাচারের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে: সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী

অর্থপাচারের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে: সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
অর্থপাচারের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে: সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী

আমদানি–রপ্তানির আড়ালে অর্থপাচারের অভিযোগ উঠলে তা প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, আমদানি–রপ্তানির আড়ালে বছরে প্রায় আট বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে।

এর জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থপাচারের বিষয়টি শোনার মতো সহজ হলেও প্রমাণ করা অত্যন্ত কঠিন। দেশের বাণিজ্যের আকার বড় হওয়ায় নির্দিষ্টভাবে কোন খাত বা পণ্যের মাধ্যমে কত অর্থ পাচার হচ্ছে, তা নিশ্চিতভাবে বলা কঠিন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সরকার কাজ করছে এবং প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতে প্রায় সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ঝুঁকি তৈরি হতে পারে। কারণ উন্নত দেশগুলোতে বর্তমানে পাওয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধার বড় অংশ তখন হারাতে হবে।

এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ২০২৪–২৫ অর্থবছরে প্রায় চব্বিশ দশমিক ষোল বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রপ্তানি আয়ের বড় অংশ এখনও তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল।

সরকার চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন খাতকে বৈচিত্র্য আনার জন্য বিশেষ সহায়তা দিচ্ছে বলেও তিনি জানান।