বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বএইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের ফি বাতিল, ট্রাম্পের সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের ফি বাতিল, ট্রাম্পের সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের ফি বাতিল, ট্রাম্পের সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য নির্ধারিত ১ লাখ ডলারের আবেদন ফি বাতিল করেছেন এক ফেডারেল বিচারক। সোমবার দেওয়া এক গুরুত্বপূর্ণ রায়ে আদালত জানিয়েছেন, বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য ব্যবহৃত এই ভিসা কর্মসূচিতে এমন অতিরিক্ত ফি আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

মার্কিন ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন রায়ে বলেন, অভিবাসন নীতিতে এ ধরনের বড় পরিবর্তন আনার সাংবিধানিক ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রয়েছে। তার মতে, ১ লাখ ডলারের আবেদন ফি কার্যত একটি কর (ট্যাক্স) হিসেবে বিবেচিত হয় এবং এ ধরনের কর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি।

৪২ পৃষ্ঠার রায়ে বিচারক উল্লেখ করেন, কংগ্রেস প্রেসিডেন্টকে অভিবাসন নীতির কিছু ক্ষেত্রে সীমিত ক্ষমতা দিলেও এইচ-১বি আবেদনকারীদের ওপর নতুন কর বা অতিরিক্ত আর্থিক বোঝা চাপানোর অনুমোদন দেয়নি।

ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, এইচ-১বি কর্মসূচির অপব্যবহার ও অতিরিক্ত নির্ভরতা কমানোর লক্ষ্যে এই ফি চালু করা হয়েছিল। তবে গত ডিসেম্বর মাসে কয়েকটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি জোট আদালতে এর বিরুদ্ধে মামলা করে।

রায়ে আদালত প্রশাসনের সেই যুক্তিও খারিজ করে দেন যে, বিদ্যমান ফেডারেল অভিবাসন আইন প্রেসিডেন্টকে এমন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, সংশ্লিষ্ট আইনগুলোতে অভিবাসন সংক্রান্ত কর বা ফি আরোপের বিষয়ে প্রেসিডেন্টকে কোনো স্পষ্ট ক্ষমতা প্রদান করা হয়নি।

এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত এইচ-১বি ভিসা ফি কার্যকর হওয়ার পথ আপাতত বন্ধ হয়ে গেল এবং বিদেশি দক্ষ কর্মী নিয়োগে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য স্বস্তি ফিরেছে।