ইরানের সঙ্গে নতুন যুদ্ধ নয়, নেতানিয়াহুকে কঠোর বার্তা ট্রাম্পের
ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ালে তার পরিণতি ইসরাইলকেই একা সামলাতে হতে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার দেওয়া এ সতর্কবার্তায় ট্রাম্প স্পষ্ট করে জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুনরায় বাড়ুক তা যুক্তরাষ্ট্র চায় না। সাম্প্রতিক সংঘাতের পর ইসরাইল ও ইরান উভয় পক্ষ হামলা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরই তিনি এই মন্তব্য করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, চলমান শান্তি প্রচেষ্টা ও কূটনৈতিক আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এগিয়ে যাবে, যদি না ‘অজ্ঞতা বা বোকামি’ সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। একই সঙ্গে এটি ইসরাইলের প্রতি একটি বার্তা যে, ইরানের বিরুদ্ধে কোনো একতরফা সামরিক পদক্ষেপ নিলে ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থনের ওপর নির্ভর করা কঠিন হতে পারে।