মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমসারা দেশরৌমারী সীমান্তে টানা তিনদিন পুশইন চেষ্টা, গ্রামবাসী ও বিজিবির প্রতিরোধ

রৌমারী সীমান্তে টানা তিনদিন পুশইন চেষ্টা, গ্রামবাসী ও বিজিবির প্রতিরোধ

favicon
ভোরের আলো ডেস্ক:
রৌমারী সীমান্তে টানা তিনদিন পুশইন চেষ্টা, গ্রামবাসী ও বিজিবির প্রতিরোধ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা তিনদিন ধরে কথিত পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে এসব চেষ্টা প্রতিহত করেছে বলে জানা গেছে।

সোমবার রাত ৯টার দিকে উত্তর বারবান্ধা ভুন্দুর চর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এর আগেও রোববার গভীর রাত থেকে ভোর পর্যন্ত বকবান্ধা সীমান্ত এলাকায় এবং শনিবার রাতে ধাউবাড়ী সীমান্তে একই ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে নারী ও শিশুসহ প্রায় ৩০ জন ভারতীয় নাগরিককে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা দ্রুত বিজিবিকে অবহিত করেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অবস্থান নেন। পরে উভয়ের সম্মিলিত উদ্যোগে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ওই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি টহল কার্যক্রম বৃদ্ধি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।