মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমজাতীয়একনেকে নতুন চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদনের পথে, মিরসরাই প্রকল্প বাতিলের পর নতুন উদ্যোগ

একনেকে নতুন চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদনের পথে, মিরসরাই প্রকল্প বাতিলের পর নতুন উদ্যোগ

favicon
সাইফুল আলম মিরাজ
একনেকে নতুন চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদনের পথে, মিরসরাই প্রকল্প বাতিলের পর নতুন উদ্যোগ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভা মঙ্গলবার সকালে শুরু হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর প্রতিনিধি।

সভায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ।

এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হলো চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। প্রায় ৮০০ একর জমিতে বাস্তবায়নের পরিকল্পনা করা এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা।

প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটি থেকে প্রায় এক লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণের আশা করা হচ্ছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ৭২২ কোটি টাকা, আর চীন প্রকল্প সহায়তা হিসেবে দেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা।

প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এর আগে মিরসরাইয়ে ৯০০ একর জমিতে প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চলটি রাজনৈতিক পরিবর্তনের পর বাতিল করা হয়। প্রায় ৯১৯ কোটি টাকার ওই প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যায়।

নতুন এই চীনা অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে আবারও চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।