দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, ব্যবসা-বান্ধব পরিবেশের কথা তুলে ধরলেন
বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে আরও সক্রিয় ভূমিকা নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন পরিচয়পত্র পেশ করলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ। স্যামসাং, হুন্দাইসহ প্রায় শতাধিক কোরিয়ান প্রতিষ্ঠান দেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করছে।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে বিনিয়োগ ও ব্যবসার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হালকা প্রকৌশল, ইলেকট্রনিকস, জাহাজ নির্মাণ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক এবং অবকাঠামো উন্নয়ন খাতে কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বাংলাদেশি পণ্যের জন্য দক্ষিণ কোরিয়ার ৯৫ শতাংশ শুল্ক ও কোটামুক্ত সুবিধার প্রশংসা করেন। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও অন্তত চার বছর এই সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানান।
বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) স্বাক্ষরের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।