মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমআইন ও আদালতসুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

favicon
ভোরের আলো ডেস্ক:
সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

একই সঙ্গে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সরকারসহ তিন পক্ষের করা আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

আদালতে সরকারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া অন্যান্য আপিলকারীদের পক্ষ থেকেও আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন মঞ্জুর হয়েছে। ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী বাতিল এবং পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা আপাতত কার্যকর হবে না।

তিনি আরও বলেন, এ অবস্থায় অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতিসহ প্রশাসনিক কার্যক্রম ২০১৭ সালের বিদ্যমান শৃঙ্খলাবিধি অনুযায়ী পরিচালিত হবে।

অন্যদিকে রিটকারী পক্ষের আইনজীবী শিশির মনির সরকারের পদক্ষেপের সমালোচনা করে বলেন, হাইকোর্টের নির্দেশনা বহাল থাকা অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা আদালতের নির্দেশনার পরিপন্থী। তার মতে, বিষয়টি আদালত অবমাননার প্রশ্নও উত্থাপন করতে পারে।

উল্লেখ্য, গত বছর হাইকোর্ট তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন এবং বিচার বিভাগ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে আনা সংশোধনীগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেন। পরবর্তীতে এ নিয়ে আইনগত ও রাজনৈতিক বিতর্কের মধ্যে সরকার সচিবালয় বিলুপ্ত করে এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে।

এখন ১৬ জুনের শুনানিতে বিষয়টির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।