মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমবিশ্বদিদির সঙ্গেই আছি’, বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন দেব

দিদির সঙ্গেই আছি’, বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন দেব

favicon
ভোরের আলো ডেস্ক:
দিদির সঙ্গেই আছি’, বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন দেব

তৃণমূল কংগ্রেস (টিএমসি) ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার জল্পনা নাকচ করে দিয়েছেন দলটির সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব (দীপক অধিকারী)। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য অটুট রয়েছে এবং তিনি নতুন কোনো রাজনৈতিক শিবিরে যোগ দিচ্ছেন না।

মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে। যত দিন বেঁচে থাকব, তার সঙ্গেই থাকব। আমি তৃণমূলের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছি এবং মানুষের প্রত্যাশা পূরণ করাই আমার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “নতুন তৃণমূল বা কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আমি নেই।”

সম্প্রতি তৃণমূলের কয়েকজন বিদ্রোহী সাংসদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বৈঠক এবং সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতির খবর রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। পরে ওই সাংসদদের কেউ কেউ কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থন জানিয়ে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়।

এদিকে তৃণমূলের একটি সূত্রের দাবি, দিল্লিতে অনুষ্ঠিত কয়েকটি বৈঠকে দেব উপস্থিত ছিলেন। এমনকি তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাসভবনে অনুষ্ঠিত একটি বৈঠকেও তাকে দেখা গেছে বলে গুঞ্জন রয়েছে।

তবে এসব দাবির বিষয়ে দেব বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বরং দেবের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন।