মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমসারা দেশদাউদকান্দিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

দাউদকান্দিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
দাউদকান্দিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান (৫০), বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন (৩৮) এবং জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূঁইয়া (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামনগর এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালান বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলার পর পুলিশ একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রবিরোধী বা উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।