বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমবিশ্বপশ্চিম তীর সহিংসতা ইস্যুতে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচের ওপর ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

পশ্চিম তীর সহিংসতা ইস্যুতে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচের ওপর ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিম তীর সহিংসতা ইস্যুতে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচের ওপর ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

পশ্চিম তীরের সহিংসতা ও বসতি সম্প্রসারণ ইস্যুতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ের সঙ্গে সমন্বিতভাবে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বসতি স্থাপনকারী সংগঠনের কয়েকজন নেতা এবং ২১ জন সহিংস বসতি স্থাপনকারীর ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্মোট্রিচ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণকে উৎসাহিত করেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি স্থাপন ও রাজনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এমন নীতিকে সমর্থন করেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্র সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তাই এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইউরোপ ও পশ্চিমা মিত্রদের মধ্যে ইসরায়েলি বসতি নীতির বিরুদ্ধে কূটনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।