শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমআইন ও আদালতনাসির-তামিমার বিয়েতে আইনগত বাধা ছিল না, দুজনকেই খালাস দিলেন আদালত

নাসির-তামিমার বিয়েতে আইনগত বাধা ছিল না, দুজনকেই খালাস দিলেন আদালত

favicon
ভোরের আলো ডেস্ক:
নাসির-তামিমার বিয়েতে আইনগত বাধা ছিল না, দুজনকেই খালাস দিলেন আদালত

ব্যভিচারের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার Nasir Hossain এবং তার স্ত্রী Tamima Sultana Tammiকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।


রায়ে বিচারক বলেন, নাসির ও তামিমার বিয়েতে কোনো আইনগত বাধা ছিল না। তামিমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের জন্য তার দ্বিতীয় বিয়ে অবৈধ ছিল—এমনটি প্রতিষ্ঠা করা প্রয়োজন ছিল, যা মামলার বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি।


আদালত উল্লেখ করেন, তামিমা তার আগের স্বামী রাকিবকে তালাক দিয়েছিলেন এবং সেই তালাকের বৈধ নথি, রেজিস্ট্রেশন ও স্বাক্ষরের প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। যদিও বাদীপক্ষ দাবি করেছিল যে তালাকের নোটিশ যথাযথভাবে দেওয়া হয়নি, তবে আসামিপক্ষ ডাকযোগে নোটিশ পাঠানোর রশিদ এবং ডাক বিভাগের কর্মীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করে।


রায়ে আরও বলা হয়, ২০১৬ সালে তালাকের পর থেকে ২০২১ সালে নাসিরকে বিয়ে করার আগ পর্যন্ত তামিমা ও তার সাবেক স্বামীর মধ্যে নিয়মিত দাম্পত্য সম্পর্ক ছিল—এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়নি।


আদালত আরও পর্যবেক্ষণ করেন, বাদী পূর্বেই তামিমাকে তালাক প্রদানের ক্ষমতা (তাফউইজ) দিয়েছিলেন। সেই ক্ষমতার ভিত্তিতেই তালাক কার্যকর করা হয় এবং তা আইন অনুযায়ী নিবন্ধিতও হয়েছে। ফলে ২০২১ সালে নাসির হোসাইনের সঙ্গে তামিমার বিয়ে সম্পন্ন করতে কোনো আইনগত বাধা ছিল না।


এসব বিবেচনায় আদালত অভিযোগের অন্যান্য ধারাও প্রমাণিত হয়নি বলে উল্লেখ করে নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস প্রদান করেন।