বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫% কমিশন, ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, কোনো প্রবাসী বাংলাদেশি বা বিদেশি নাগরিক দেশে বিনিয়োগ আনতে সক্ষম হলে মোট বিনিয়োগের ওপর ১ দশমিক ৫ শতাংশ কমিশন বা ইনসেনটিভ প্রদান করা হবে।
বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশীয় বিনিয়োগও বৃদ্ধি করা। এ উদ্দেশ্যে বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণসহ (ডিরেগুলেশন) বিনিয়োগবান্ধব উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে বাংলাদেশ ব্যাংক ৬ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই তহবিল থেকে প্রকৃত ও ক্ষতিগ্রস্ত কিন্তু বিশ্বাসযোগ্য উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে, যাতে তারা ব্যবসা পুনরুদ্ধার ও সম্প্রসারণ করতে পারেন।
ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়ে তিনি বলেন, অর্থনীতির বিভিন্ন সূচক ও পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রয়োজন হলে ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আইনগতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিশন ব্যবস্থা চালু হলে বিদেশে বসবাসরত প্রভাবশালী ও দক্ষ বাংলাদেশিরা বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবেন, যা দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।