শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমলাইফস্টাইলডায়াবেটিস নিয়ন্ত্রণ ও লিভারের যত্নে জামের উপকারিতা

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও লিভারের যত্নে জামের উপকারিতা

favicon
ভোরের আলো ডেস্ক:
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও লিভারের যত্নে জামের উপকারিতা

গরমের মৌসুমে বাজারে সহজলভ্য টক-মিষ্টি স্বাদের ফল জাম শুধু স্বাদের জন্যই নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে লিভার বা যকৃতের যত্ন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


চিকিৎসকদের মতে, বর্তমানে তরুণদের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিমিত পরিমাণে জাম অন্তর্ভুক্ত করা উপকারী হতে পারে। জামে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহরোধী উপাদান লিভারের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে।


গবেষণায় দেখা গেছে, লিভারে অতিরিক্ত চর্বি জমলে কিছু এনজাইমের মাত্রা বেড়ে যায়। নিয়মিত সীমিত পরিমাণে জাম গ্রহণ করলে এসব সমস্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্রতিদিন এক মুঠো জামই পর্যাপ্ত।


লিভারের পাশাপাশি জাম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। এতে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায় এবং বিপাকক্রিয়া উন্নত করে। এছাড়া কম ক্যালরিযুক্ত হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে।


বিশেষজ্ঞরা জানান, টাটকা জাম ধুয়ে সরাসরি খাওয়া সবচেয়ে ভালো। চাইলে সামান্য বিট লবণ মিশিয়ে বা ফ্রুট সালাদ ও স্মুদির মাধ্যমেও খাওয়া যেতে পারে।


তবে সতর্কতা হিসেবে বলা হয়েছে, জাম কখনোই ওষুধের বিকল্প নয়। অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। দ্রুত পচনশীল হওয়ায় জাম খাওয়ার আগে সতেজতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।