দুই দশক পর আবারও বিএনপি সরকারের বাজেট উপস্থাপন
প্রায় ২০ বছর পর আবারও বিএনপি সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নাম মরহুম এম সাইফুর রহমান। অর্থনৈতিক সংস্কার, মুক্তবাজার অর্থনীতির প্রসার এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সংযোগ বৃদ্ধিতে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। জাতীয় সংসদে সর্বোচ্চ ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ডও তার দখলে রয়েছে।
২০০৬ সালের ৬ জুন বিএনপি সরকারের শেষ বাজেট উপস্থাপন করেছিলেন এম সাইফুর রহমান। এরপর তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময় অতিক্রান্ত হওয়ার পর এবার আবার বিএনপি সরকারের বাজেট আসছে।
বিএনপির বাজেট প্রণয়নের ইতিহাস আরও পুরোনো। স্বাধীনতা-পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম বাজেট উপস্থাপন করেন। তিনি ধারাবাহিকভাবে তিনটি বাজেট ঘোষণা করেন। ১৯৭৬-৭৭ অর্থবছরের বাজেটের আকার ছিল ১ হাজার ৯৮৯ কোটি ৮৭ লাখ টাকা, ১৯৭৭-৭৮ অর্থবছরে ২ হাজার ১৮৪ কোটি টাকা এবং ১৯৭৮-৭৯ অর্থবছরে ২ হাজার ৪৯৯ কোটি টাকা।
পরবর্তীতে ১৯৭৯ সালে মির্জা নূরুল হুদা অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৭৯-৮০ অর্থবছরের জন্য ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।
দীর্ঘ বিরতির পর বিএনপি সরকারের নতুন বাজেট দেশের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে কী ধরনের দিকনির্দেশনা দেয়, সেদিকে এখন সবার নজর রয়েছে।