২০২৬–২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজেটের খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের পর এটি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
বিকেলে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি তার প্রথম বাজেট উপস্থাপন।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ ও অনুদান থেকে প্রায় ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
নিয়ম অনুযায়ী, মন্ত্রিসভায় অনুমোদনের পর বাজেট রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে এবং অনুমোদন শেষে আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।