বৈষম্য নিরসনের দাবিতে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসানের দাবিতে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তারা।
শনিবার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৬ হাজার কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেবেন। এর ফলে জাতীয় সেবায় অতিরিক্ত প্রায় ৭ লাখ ৮২ হাজার কর্মঘণ্টা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
সংগঠনের মতে, অতিরিক্ত কর্মঘণ্টার মাধ্যমে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বকেয়া বিল আদায়, মাঠপর্যায়ের তদারকি বৃদ্ধি এবং সরকারের জ্বালানি সাশ্রয় কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।
পল্লী বিদ্যুৎ কর্মীদের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূর করতে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে বিভিন্ন সময়ে কমিটি গঠন ও সুপারিশ করা হলেও সেগুলোর বাস্তবায়ন এখনো হয়নি।
সংগঠনটি আরও জানায়, আন্দোলনের কারণে যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেসব বিষয়ে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে অনুকূল সিদ্ধান্ত দিয়েছে। তবে বাস্তবায়নে এখনও অগ্রগতি দেখা যায়নি।
তাই বিদ্যুৎ বিভাগের সুপারিশ ও নির্দেশনাগুলো দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।