সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমজাতীয়সীমান্তে পুশইন ও হত্যা ইস্যুর আলোচনা স্থগিত, সংসদে ক্ষোভ

সীমান্তে পুশইন ও হত্যা ইস্যুর আলোচনা স্থগিত, সংসদে ক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
সীমান্তে পুশইন ও হত্যা ইস্যুর আলোচনা স্থগিত, সংসদে ক্ষোভ

ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেলে পাঠানো (পুশইন) এবং সীমান্ত হত্যা নিয়ে জাতীয় সংসদে নির্ধারিত বিশেষ আলোচনা হঠাৎ স্থগিত হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান।


রোববার সংসদ অধিবেশনে কার্যপ্রণালি-বিধির আওতায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা এবং মানবাধিকার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এই বিষয়টি আলোচনার জন্য পূর্বেই অনুমোদিত হয়েছিল। এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতেও বিষয়টি পাঠানো হয়েছিল। এমনকি সংসদের কার্যসূচিতেও এটি অন্তর্ভুক্ত ছিল।


তবে অধিবেশনের দিন নতুন কার্যসূচি প্রকাশের সময় বিষয়টি বাদ দেওয়া হয় এবং পরে তাকে জানানো হয় যে অনিবার্য কারণে আলোচনা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রশ্ন তোলেন, সীমান্তে প্রাণহানি ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় অপেক্ষা আর কী বিষয় বেশি জরুরি হতে পারে।


তিনি আরও জানতে চান, আলোচনাটি কবে পুনরায় সংসদের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে এবং এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা রয়েছে কি না।


জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি বাতিল করা হয়নি, কেবল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বর্তমানে বাজেট অধিবেশন চলমান থাকায় সময়ের সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন, সুযোগ হলে দ্রুতই স্থগিতাদেশ প্রত্যাহার করে বিষয়টি সংসদে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।


সীমান্তে হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে বিষয়টি দ্রুত আলোচনায় আনার আহ্বান জানান সংশ্লিষ্ট সংসদ সদস্য।