দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক
দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাকে দেশে ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশের ভিত্তিতেই তিনি দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দুদক আরও জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে আদালতে চলছে, পাশাপাশি আরও কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে।
সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।