ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা
ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সংসদে দেওয়া বক্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে পৃথক দুটি বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে একটি ছিল সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে এবং অপরটি ছিল জিসান মিয়া প্রধানের গ্রেপ্তার প্রসঙ্গে।
মন্ত্রী দ্বিতীয় বক্তব্যে অভিযোগ তুলে বলেন, ফেসবুকের মাধ্যমে এক নারীর সঙ্গে পরিচয়ের পর জিসান মিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ উঠে, যার ফলে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হন। এরপর তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেওয়া হয় এবং ভয়ভীতি দেখিয়ে ওষুধ সেবনের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয় বলে দাবি করেন তিনি।
এই বক্তব্যের বিরোধিতা করে বিরোধীদলীয় উপনেতা সংসদে আপত্তি জানান এবং বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় সংসদে উপস্থাপনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
পরে বক্তব্য এক্সপাঞ্জের দাবি ওঠে এবং সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল রুলিং দিয়ে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন এবং অধিবেশন সাময়িকভাবে শান্ত হয়।