দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ।
জানা গেছে, গত ১২ জুন তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পরে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
চিঠিতে বলা হয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে আটক করা হয়েছে এবং তাকে দেশটির বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছেন।
এছাড়া বাংলাদেশ সরকারকে আগামী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিলে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।