নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষ্যগ্রহণ শুরুর আগে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এর পরপরই সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
গত ৮ জুন এ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর কারণে একদিনের জন্য কার্যক্রম স্থগিত করা হয়।
এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন চার আসামি। তারা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
অন্যদিকে, মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তা রয়েছেন।
এর আগে ১০ মে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। সে সময় গ্রেপ্তার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিদের উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় নিরীহ আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন।