বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্ত হত্যা শূন্যে নামানোসহ একাধিক বিষয়ে ঐকমত্য
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে দুই দেশের সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
সম্মেলন শেষে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, যৌথ টহল ও নজরদারি বৃদ্ধি এবং মাদক, স্বর্ণ, জাল মুদ্রা ও গবাদিপশু চোরাচালান প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
এ ছাড়া মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের উদ্ধার এবং পুনর্বাসনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মেলনে রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে উভয় পক্ষ নিজ নিজ অবস্থান তুলে ধরে। একই সঙ্গে এসব বিষয়ে তথ্য বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সীমান্ত পিলার স্থাপন, নদীভিত্তিক সীমান্ত নির্ধারণ, কুশিয়ারা নদীর পানি ব্যবস্থাপনা এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে।
উভয় পক্ষ সন্ত্রাসবাদ, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা, নিয়মিত যৌথ টহল পরিচালনা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।