যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে চূড়ান্ত হওয়া শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রতিক এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টারও প্রশংসা করেছে বাংলাদেশ।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে সাম্প্রতিক এই অগ্রগতির ধারাবাহিকতায় বাকি বিষয়গুলোও সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।