ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে, ৪ বছরের কারাদণ্ড
নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের ছেলে Marius Borg Høiby দুইটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ড পেয়েছেন।
ওসলো জেলা আদালতের রায়ে ২৯ বছর বয়সী হোয়াইবির বিরুদ্ধে আনা চারটি ধর্ষণের অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত বলে বিবেচিত হয়। বাকি দুটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হলেও অন্যান্য গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালতের রায়ে বলা হয়, ধর্ষণ, নির্যাতন, হুমকি এবং মাদক-সংক্রান্ত অভিযোগসহ মোট ৪০টি অভিযোগের মধ্যে ৩৪টিতে তার অপরাধ প্রমাণিত হয়েছে।
রায় ঘোষণার সময় হোয়াইবি আদালতে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে তিনি ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে অংশ নেন বলে তার আইনজীবীরা জানান।
মামলাটি নরওয়ের রাজপরিবারকে সরাসরি জড়িত না করলেও দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হোয়াইবি রাজপরিবারের আনুষ্ঠানিক সদস্য নন। তিনি ক্রাউন প্রিন্সেস Mette-Marit-এর পূর্ববর্তী সম্পর্কের সন্তান এবং কোনো রাজকীয় দায়িত্ব পালন করেন না।
আদালত তার মুক্তির আবেদনও খারিজ করে দিয়েছে। বিচারকদের মতে, ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি থাকায় তাকে কারাগারেই থাকতে হবে।
মামলায় জড়িত ছয়জন নারীর মধ্যে দুইজনের অভিযোগ আদালত গ্রহণ না করলেও বাকি ঘটনাগুলোতে তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, কয়েকজন ভুক্তভোগী ঘটনার সময় ঘুমন্ত বা অচেতন অবস্থায় ছিলেন এবং পরবর্তীতে উদ্ধার হওয়া ভিডিও ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ঘটনায় নরওয়েজিয়ান সমাজে যৌন অপরাধের বিচারপ্রক্রিয়া এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।