বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমজাতীয়আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


মঙ্গলবার (১৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।


সভায় ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়। তবে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা এবং প্রকল্প নকশায় টেকসই জ্বালানি ব্যবস্থার অন্তর্ভুক্তির শর্ত আরোপ করা হয়েছে।


পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রায় ৪ হাজার ১৮৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ৭২২ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকা এবং বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকা আসবে ঋণ ও অনুদান থেকে।


প্রধানমন্ত্রী শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক মানসম্মত পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। পাশাপাশি একটি আধুনিক ইটিপি স্থাপন করে শোধিত পানি পুনর্ব্যবহারের ব্যবস্থাও নিশ্চিত করতে বলেন।


তিনি প্রকল্পের নকশায় বিদ্যমান পরিবেশগত ঘাটতি দূর করার নির্দেশ দেন এবং পুরো শিল্পাঞ্চলে সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানান। এ লক্ষ্যে শিল্পাঞ্চলজুড়ে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।


পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধন ও পুনর্ব্যবহার ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানির সংযুক্তি নিশ্চিত করেই প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।