অর্থনৈতিক সংকটের মধ্যে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা
দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সরকার কীভাবে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ঘাটতি বাজেট প্রণয়নের একটি প্রচলন রয়েছে।
তার মতে, বাজেটের এই ঘাটতি পূরণ করতে সরকারকে দেশি ও বিদেশি ব্যাংক থেকে ঋণ নিতে হয়। পরবর্তীতে সেই ঋণ পরিশোধের চাপও বহন করতে হয় রাষ্ট্রকে। তাই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট কতটা বাস্তবায়নযোগ্য, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
সোমবার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের সম্পূরক মঞ্জুরি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রুমিন ফারহানা বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের আকার ৬৮ লাখ কোটি টাকা। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মাত্র ৩ দশমিক ৪৯ শতাংশ, অন্যদিকে মূল্যস্ফীতি রয়েছে ৯ দশমিক ৫ শতাংশে।
তিনি আরও বলেন, খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ, যার আর্থিক মূল্য প্রায় ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। একই সঙ্গে দেশের সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে এসেছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।