ইরান চুক্তির খসড়া দেখতে চেয়েছিল ইসরাইল, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা চুক্তির খসড়া দেখতে ও পর্যালোচনা করতে চেয়েছিল ইসরাইল। তবে ওয়াশিংটন সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে ইসরাইলি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এর ফলে প্রস্তাবিত চুক্তির বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনো পুরোপুরি অবগত নয় তেলআবিব। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা থাকলেও এর পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক দেখতে ইসরাইলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সেই অনুরোধ নাকচ করেছে বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে চ্যানেল ১২ জানায়, ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটনের কাছে সমঝোতা স্মারকটি দেখার আবেদন করেছিলেন। তবে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে।
তবে এ দাবির বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে একটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ইসরাইল যুক্তরাষ্ট্রের আলোচকদের কাছে এমন কোনো অনুরোধ জানায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা চ্যানেল ১২-এর প্রতিবেদনকে ভুল বলে দাবি করেছেন। তিনি জানান, পুরো আলোচনা প্রক্রিয়ায় ইসরাইলসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে ওয়াশিংটন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সমঝোতা স্মারকের প্রতিটি বিষয় পর্যালোচনা করবেন। তবে নথিটির বিস্তারিত কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারকে ১৪টি ধারা থাকতে পারে। এর মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ প্রত্যাহার, ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানো, জব্দ করা সম্পদ মুক্ত করা এবং পুনর্গঠন পরিকল্পনার বিষয় থাকতে পারে।
তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান—কোনো পক্ষই চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। ফলে সমঝোতার প্রকৃত বিষয়বস্তু নিয়ে এখনো আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।