বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমবিশ্বপশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ, প্রতিবেদন প্রকাশ করল হিউম্যান রাইটস ওয়াচ

পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ, প্রতিবেদন প্রকাশ করল হিউম্যান রাইটস ওয়াচ

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ, প্রতিবেদন প্রকাশ করল হিউম্যান রাইটস ওয়াচ

ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।


মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত এলাকায় বসবাসকারী অনেক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) যাচাই-বাছাই ছাড়া তাদের প্রবেশ করতে না দেওয়ায় অনেক পরিবার দুই দেশের সীমান্তের মধ্যবর্তী শূন্য রেখায় আটকা পড়ছে।


বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে এখন পর্যন্ত বিএসএফের অন্তত ২১টি পুশইন চেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় শিশুসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল।


হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ভারতীয় কর্তৃপক্ষ পরিবারগুলোকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অথবা সীমান্ত এলাকায় আটকে রাখছে, যা তাদের যা তাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।

তিনি বলেন, অবৈধভাবে বহিষ্কার বন্ধ করতে হবে এবং নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংস্থাটি জানিয়েছে, তারা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে, যারা দাবি করেছেন যে রাতের বেলায় বিএসএফ বিভিন্ন দলকে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য চাপ দিচ্ছে। কয়েকটি ঘটনায় বিজিবির বাধার কারণে বিএসএফ পরে তাদের আবার ভারতে ফিরিয়ে নেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫ জুন পঞ্চগড় সীমান্তে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে দীর্ঘ সময় ধরে অচলাবস্থা তৈরি হয়। পরে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের মাঝামাঝি এলাকায় অবস্থান করতে বাধ্য হয়।

এ ছাড়া ঠাকুরগাঁও সীমান্তেও কয়েকটি ঘটনায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন মানুষ দীর্ঘ সময় শূন্য রেখায় আটকা পড়েন। পরে আলোচনার মাধ্যমে তাদের ফেরত নেওয়া হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


হিউম্যান রাইটস ওয়াচ আরও বলেছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের সময় বিপুলসংখ্যক নাম বাদ পড়ায় অনেক মানুষের মধ্যে আটক ও বহিষ্কারের আতঙ্ক তৈরি হয়েছে।


সংস্থাটির দাবি, নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা দেশ থেকে বের করে দেওয়া গ্রহণযোগ্য নয়।


বাংলাদেশ সরকার জানিয়েছে, আইনগত প্রক্রিয়া ছাড়া সীমান্তে ঠেলে দেওয়া কোনো ব্যক্তিকে গ্রহণ করা হবে না। নাগরিকত্ব যাচাই ও নির্ধারিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করেই যেকোনো প্রত্যাবর্তন হতে হবে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সীমান্ত ব্যবস্থাপনার নামে কোনো মানুষকে খাবার, পানি, আশ্রয় ও চিকিৎসা ছাড়া অনিশ্চয়তার মধ্যে রাখা মানবাধিকারের পরিপন্থী।