হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৬ বারের মতো পেছাল
ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৬ বারের মতো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হলো।
বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন করে আগামী ২৮ জুন প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন।
আদালত সূত্র জানায়, তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মহানগর পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাদি হত্যা মামলায় গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপত্তি জানানো হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে হত্যাচেষ্টা মামলা করা হয়। পরে মামলায় হত্যা ধারা যুক্ত করা হয়।
তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিদের রাজনৈতিক পরিচয় ও হাদির রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, রাজনৈতিক বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে।