ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় কৌশলগত পরাজয়: বিশ্লেষক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেশটির জন্য ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বড় কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিষয়ক সাময়িকী ফরেন পলিসির এক বিশ্লেষক।
সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পল মুসগ্রেভ বলেন, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের মৌলিক জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের অবস্থানকে দুর্বল করেছে।
তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধে বিজয়ী হয়েছিল। কিন্তু ইরান যুদ্ধের পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য আরও গুরুতর এবং দীর্ঘস্থায়ী হতে পারে।
পল মুসগ্রেভ তার নিবন্ধে এই সংঘাতকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা একটি ‘পছন্দনির্ভর যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই যুদ্ধ রাজনৈতিক ও সামরিক—দুই দিক থেকেই যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ব্যর্থতায় পরিণত হয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক নেতৃত্বের অবস্থানের ওপরও পড়বে।
বিশ্লেষকের মতে, এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শক্তি, নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। এর প্রভাব বহু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে অনুভূত হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই