মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
বিশ্বজুড়ে মানবিক সংকট ক্রমেই বাড়তে থাকায় মানবিক সহায়তা জোরদার, সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার কাজে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
নিউইয়র্কে অনুষ্ঠিত ওই অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক মূল্যবোধ ও নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশ সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক অর্থায়নের ঘাটতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।
এদিকে নিউইয়র্কে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী ইকোসকের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন। একই সঙ্গে তিনি জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।