রোহিঙ্গা সহায়তায় ইউএনএইচসিআরের সঙ্গে অংশীদারিত্ব নবায়ন, ইইউ দিচ্ছে ১.৪ কোটি ইউরো
কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য জরুরি সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে অংশীদারিত্ব নবায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এই কার্যক্রমের জন্য ইইউ অতিরিক্ত ১ কোটি ৪০ লাখ ইউরো অনুদান দিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি প্রায় ৭০ হাজার স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীও সহায়তা পাবে।
ইইউ জানিয়েছে, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট মোকাবিলায় এবার শুধু জরুরি সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারের সুযোগ আরও বাড়ানো হবে।
এলপিজি ব্যবহারের ফলে নারী ও শিশুদের জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকি কমবে। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং বন উজাড়ের চাপ কমাতেও এটি সহায়ক হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরে চলছে। তাই এখন জরুরি সহায়তার পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।