প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য ও বিনিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন যে বর্তমান সরকারের আমলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে।
আলোচনায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়তে পারে।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্য।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।