বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, উদ্বেগে ভারত
তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। অরুণাচল প্রদেশ সীমান্তের কাছাকাছি এই প্রকল্প ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ভারতে।
চীনের নির্মাণাধীন মেডোগ হাইড্রোপাওয়ার প্রকল্পের উৎপাদন ক্ষমতা হবে ৬০ হাজার মেগাওয়াট, যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। এর জবাবে ভারতও অরুণাচল প্রদেশে ১১ হাজার মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, উজানে এত বড় বাঁধ নির্মিত হলে ব্রহ্মপুত্র নদীর পানিপ্রবাহে পরিবর্তন আসতে পারে। এতে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি আকস্মিক বন্যার ঝুঁকিও বাড়তে পারে।
ভারত সরকার জানিয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের সব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ভারতের প্রস্তাবিত প্রকল্পটির কৌশলগত ও ভূরাজনৈতিক গুরুত্বও অনেক বেশি। কারণ এটি ভবিষ্যতে পানিপ্রবাহ নিয়ন্ত্রণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে উত্তর-পূর্ব ভারতে বন্যা পূর্বাভাস ব্যবস্থা, নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির কাজও জোরদার করা হয়েছে।